শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘প্রিপারেশন অ্যান্ড ইফেকটিভ এক্সিকিউশন অব দ্য ওবিই কারিকুলাম ফর কোর্স টিচার্স’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক গুণগত মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান দ্রুত পরিবর্তনশীল শিক্ষাব্যবস্থায় গুণগত মান বজায় রাখা কেবল একটি বিকল্প নয়, বরং এটি একটি অপরিহার্য বিষয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে আন্তর্জাতিক মানদ-ে এগিয়ে নিতে হলে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পাঠ্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত সংস্কৃতি গড়ে তোলা, স্বীকৃতি অর্জনের প্রস্তুতি, গুণগত মান নিরীক্ষা এবং অভ্যন্তরীণ প্রশাসনিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক শিক্ষক নিজ নিজ সৃজনশীলতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে অবদান রাখবেন এবং ওবিই কারিকুলাম বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।
দিনব্যাপী প্রশিক্ষণের টেকনিক্যাল সেশন চারটি পৃথক পর্বে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের সকল বিভাগ ও ইনস্টিটিউটের কোর্স শিক্ষকরা অংশগ্রহণ করেন।