শিরোনাম

চট্টগ্রাম, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে ১ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন পরীক্ষার্থীকে কেন্দ্রে মোবাইল আনায় বহিষ্কার করা হয়েছে। এছাড়া খাগড়াছড়িতে অসদুপায় অবলম্বন করায় আরও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২১৮টি কেন্দ্রে একযোগে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৮৩১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৬ জন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ৫৯৫ জন।
জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রামে ৮৯৮ জন, কক্সবাজারে ২১০ জন, রাঙামাটিতে ৩২৬ জন, খাগড়াছড়িতে ৯৮ জন এবং বান্দরবানে ৬৩ জন পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রাম বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
তবে চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন সাথে মোবাইল আনায় ও খাগড়াছড়িতে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।