শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ রোববার আলোচনা সভা, কার্নিভাল ও কেক কাটা প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান মি. আওইয়াগি ইউ বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। বিভাগের শিক্ষার্থী আল-ওসাইমিন ইফতি এবং নানজীবা তাসনিম অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ শিক্ষা, গবেষণা, ভাষা ও সংস্কৃতির চর্চা-সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে এই বিভাগ আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, জাপান আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও জাপান স্টাডিজ বিভাগ অগ্রণী ভূমিকা রাখবে।