বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৭

নৈশভোজের সময় গুলির শব্দ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এ সময় দ্রুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও এএফপি সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে ওয়াশিংটন হিলটন হোটেল প্রাঙ্গণে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে অতিথিরা আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন।

ট্রাম্প যেখানে বসে ছিলেন, সেখানে সঙ্গে সঙ্গে সশস্ত্র ট্যাকটিক্যাল দল অবস্থান নেয়। পরে তাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর পুলিশ হোটেলটি ঘিরে ফেলে। আকাশে হেলিকপ্টার টহল দিতেও দেখা যায়।

সিএনএনসহ বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প অক্ষত আছেন।

পুল রিপোর্টে সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে বলা হয়, একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তবে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এদিকে, অনির্দিষ্ট সূত্রে জানা গেছে, একজন আহত হয়েছেন। তবে কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

স্বাগত বক্তব্যের পর এবং নৈশভোজ চলাকালে ট্রাম্পের ভাষণ দেওয়ার ঠিক আগে এ ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনী প্রথমে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সরিয়ে নেয়। তবে ঠিক কী ঘটেছে, তা নিয়ে তখনও ধোঁয়াশা ছিল।

মন্ত্রিসভার কর্মকর্তা মেহমেত ওজকে যখন নিরাপত্তাকর্মীরা দ্রুত সরিয়ে নিচ্ছিলেন, তখন তিনি বলেন, ‘উপরে গুলি ছোড়া হয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালে পেনসিলভানিয়ার বাটলার শহরে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই হামলায় একজন নিহত হন এবং ট্রাম্পের কানে সামান্য আঘাত লাগে।

এর কয়েক মাস পর ওয়েস্ট পাম বিচের একটি গলফ কোর্সে ট্রাম্প খেলছিলেন। এ সময় সেখানে ঝোপের ভেতর থেকে একটি রাইফেলের নল দেখা যাওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, যে ওয়াশিংটন হিলটন হোটেলে এবার অনুষ্ঠানটি হচ্ছিল, সেখানেই ১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান আততায়ীর গুলিতে আহত হয়েছিলেন।