বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৬:২৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সারাদেশের ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। কেন্দ্রে পরীক্ষার পরিবেশ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর পরপরই শুরু হবে ভর্তি কার্যক্রম। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে স্থাপিত কন্ট্রোল রুমে বসে সারাদেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন।

দেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে সরকারি কলেজ ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি। ১৩৮টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে ছিল ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি।