বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৪:১৬

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণে রাবির ৪ রোভার স্কাউট

ছবি : বাসস

রাজশাহী, ২৪ এপ্রিল, ২০২৬(বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোভার স্কাউট গ্রুপের চার রোভার ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের জন্য গতকাল (বৃহস্পতিবার) সকালে রাবি থেকে হিলি স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। 

এ উপলক্ষ্যে রোভার স্কাউট গ্রুপ কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মো. রেজাউল করিম তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই পরিভ্রমণের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করে। 

এ সময় রাবি রোভার স্কাউট গ্রুপের ৪৫তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন, ৪৬তম ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. রিন্টুসহ অন্যান্য রোভারবৃৃন্দ উপস্থিত ছিলেন।

পরিভ্রমণকারী সদস্যরা হচ্ছেন-এস এম আলফাজ আলী নয়ন  (দলনেতা); মো. রাশিদুল ইসলাম (সহকারী দলনেতা);  মো. তাজিউর রহমান তাজ (সদস্য) এবং  প্রশান্ত সরকার (সদস্য)।

রোভার স্কাউটসের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য তারা এই পরিভ্রমণ করবে। পাঁচ দিনব্যাপি এই কর্মসূচিতে তারা রাজশাহী থেকে নওগাঁ হয়ে হিলি স্থরবন্দর পযর্ন্ত পরিভ্রমণ করবে। 

এসময় তারা সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান, ‘যুদ্ধ নয়, শান্তিই মানবতার পথ’, ‘প্রকৃতি বাঁচলে বাঁচবে প্রাণ, রোভার স্কাউটের এই আহ্বান’, ‘পানি, গ্যাস ও বিদ্যুৎ অপচয় রোধ করি’ এবং ‘মাদকমুক্ত জীবন গড়ি’'-এর মাধ্যমে সচেতনতা সৃষ্টির প্রয়াস চালাবে। 

পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।