শিরোনাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, দীর্ঘ সময় পর গণতান্ত্রিক পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে। জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ মানুষের মুক্তি, মূল্যবোধ ও বিশ্বাসের একটি দর্শন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জোগাবে।
তিনি সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাসের কোনো অংশ উপেক্ষা না করে বস্তুনিষ্ঠভাবে তা জানা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও স্মৃতি তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী। এছাড়া শিক্ষক ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আজম খান, জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি এস. এম. নাজিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, সম্পাদকমণ্ডলীর সদস্য মোরশেদুল আলম, সদস্য মো. জসিম ও মো. ইসরাফিল এবং চবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী বক্তব্য রাখেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আবদুল ছবুর ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।
শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক, সনদ, বই এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়।