শিরোনাম

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানিয়েছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর একটি হোটেলে আজ আয়োজিত ‘বিল্ডিং ইক্যুইটি : অ্যাসেসিং দ্য এক্সটেন্ডেড ইনক্লুসিভ এডুকেশন টুলকিট’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি এবং সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ভবিষ্যৎ বিনির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে উচ্চশিক্ষায় এআই ব্যবহারের জন্য একটি সুদূরপ্রসারী জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণায় প্রযুক্তির নৈতিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি জানান, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে অগ্রাধিকার দিয়ে শিক্ষক ও একাডেমিক নেতৃত্বের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে।
চেয়ারম্যান বলেন, গ্রামীণ শিক্ষায় প্রবেশাধিকার বৃদ্ধি, ভাষাগত প্রতিবন্ধকতা দূরীকরণ ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিতের মতো স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করছে ইউজিসি।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে জাতীয় লক্ষ্য ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে প্রাতিষ্ঠানিক নির্দেশিকা ও গুণগত মান নিশ্চয়তা কাঠামো প্রণয়নেও কাজ করছে কমিশন।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা কেবল প্রবেশাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমতাভিত্তিক অংশগ্রহণ ও সফল ফলাফল নিশ্চিত করাই মূল লক্ষ্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এআইইউবি-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের ডিন মশিউর রহমান এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডেভিড ব্রাউন।