শিরোনাম

খুলনা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ আজ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৮তম সভায় গৃহীত সিদ্ধান্ত এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ২৩ (৫) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণকালে অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সকলে নতুন ডিনকে অভিনন্দন জানান এবং অনুষদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তার সাফল্য কামনা করেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এরআগে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, একাধিকবার রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং একাধিক হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।