শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক (সম্মান) ২০তম ব্যাচের নবীনবরণ এবং ১৫তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কোরআন ও হাদিসভিত্তিক জ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের দায়িত্ববোধ ও নৈতিক অবস্থান অন্যান্যদের তুলনায় স্বতন্ত্র ও অনুকরণীয়।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা যেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ধারণ করে তাঁর যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হয় এবং তাঁর সুন্নাহ তাদের দৈনন্দিন জীবনাচরণে প্রতিফলিত হয়।
উপাচার্য আরও বলেন, বিভেদ ও বিভাজন পরিহার করে সকলকে সঙ্গে নিয়ে কল্যাণকর ও দৃশ্যমান কার্যক্রমের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি উল্লেখ করেন, এ বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে যে অগ্রগতি অর্জন করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক এবং ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহীন মোল্লা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মো. ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।