বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৮:৩৯

প্রাইমারি স্কুলে ভর্তির অভিন্ন ফরমে স্বাস্থ্য তথ্য দিতে হবে : অধিদপ্তর

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির অভিন্ন ফরমে স্বাস্থ্য তথ্য দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার।

আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) ভূপেষ রঞ্জন রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময়ে অভিন্ন ফরমে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি অন্তর্ভুক্তকরণপূর্বক একটি অভিন্ন ভর্তি ফরম প্রণয়ন করা হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে অভিন্ন ভর্তি ফরমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত তথ্যাদি লিপিবদ্ধ করার এবং পরবর্তী শিক্ষাবর্ষে উল্লিখিত ফরমের মাধ্যমে ভর্তি কার্যক্রম বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।