শিরোনাম

যশোর, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ১৫৪ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এসব পরীক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃপক্ষ বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন জানান, প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ চাহিদা সম্পন্ন ১৫৪ পরীক্ষার্থীকে মূল সময়ের সাথে অতিরিক্ত ৪৫ মিনিট সময় প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এ সব পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জনের জন্য শ্রুতি লেখক নিয়োগের বিশেষ অনুমতি মঞ্জুর করেছে বোর্ড কর্তৃপক্ষ।
যশোর উপশহর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম জানান, তার প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন দুই শিক্ষার্থীর জন্য বোর্ডে আবেদন করা হলে কর্তৃপক্ষ প্রত্যেকের জন্য ৪৫ মিনিট করে সময় বৃদ্ধি করেছেন।
একইভাবে আব্দুল গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান জানান, তার প্রতিষ্ঠানের একজন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ শ্রুতি লেখক নিয়োগ ও অতিরিক্ত ৪৫ মিনিট সময়ের অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, এর আগে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময়ের কথা প্রচার হলেও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বাসস’তে নিশ্চিত করেছেন যে, নিয়ম অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন এই পরীক্ষার্থীরা মূল সময়ের চেয়ে ৪৫ মিনিট বেশি সময় পাবেন। এর ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারবেন বলে আশা করছেন সবাই।
চলতি বছর এ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৩৫ হাজার ৮৯ শিক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১৬১ ছাত্রী।
যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজারের কম। যশোর বোর্ডের অধীন ১০ জেলায় এ বছর ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শতভাগ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।