বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। ফাইল ছবি

বাগেরহাট, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : অধ্যাপক ডা. রফিকুস সালেহীন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০২১’-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব রাহেলা রহমত উল্লাহ গত ১২ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন এরআগে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি জীবনে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে সার্জারির অধ্যাপক এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সার্জারি বিভাগের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৬৩ সালের ১০ জানুয়ারি বাগেরহাট সদর উপজেলার কুলিয়াদাইড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। 

শৈশব, কৈশোর এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবনের একটি বড় অংশ কেটেছে বাগেরহাটে। তিনি ১৯৭৭ সালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৯ সালে আচার্য প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য তিনি বাগেরহাটের বাইরে যান।

উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্তির পর আজ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিকেলে তিনি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এছাড়া রাতে বাগেরহাট সার্কিট হাউসে তার স্কুল-কলেজ জীবনের সহপাঠী ও শৈশবের বন্ধুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে মিলিত হওয়ার কথা রয়েছে।