শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ থেকে ব্যাপক পরিসরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলা ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সম্মিলিতভাবে প্রায় সাড়ে ৭ লাখ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার সকাল ১০টায় সদর দক্ষিণ উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই দিন নগরীর সুজানগরে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নগর স্বাস্থ্য কেন্দ্র-২এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বাসস’কে বলেছেন, স্থায়ী বাসিন্দা শিশুদের পাশাপাশি ভাসমান ও পথশিশুদেরও এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এজন্য প্রয়োজনে ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কোনো শিশু টিকা থেকে বঞ্চিত না হয়।
সকাল ৯টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং টানা ৮ দিন ধরে কার্যক্রম অব্যাহত থাকবে। এই সময় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১ ডোজ করে হাম-রুবেলার টিকা প্রদান করা হচ্ছে। এরমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৪৮ হাজার ৪ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ৭ লক্ষাধিক শিশুকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, সুজনের সভাপতি শাহ মো.আলমগীর খান, মেডিকেল অফিসার ডা.চন্দনা রাণী এবং ইপিআই কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমুখ।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, হাম একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এই রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।