বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৪

ঢাবিকে গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার

ঢাবি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

ঢাবি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর তার বক্তব্যে দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং যোগ্য নাগরিক তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সম্পর্ক জোরদারের আহ্বান জানান। 

এক্ষেত্রে তিনি সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। বিভাজনের রাজনীতি পরিহার করে শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে তিনি অ্যালামনাইদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঞ্চম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রসায়ন বিভাগের চেয়ারপারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ও  বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ ধন্যবাদ জ্ঞাপন করেন। বিভাগের অধ্যাপক ড. ফারহানা খানম ফেরদৌসী ও সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উপাচার্য  অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম রসায়ন বিভাগকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বনামধন্য ও গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে অভিহিত করে বলেন, এই বিভাগের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য তিনি অ্যালামনাইদের প্রতি অনুরোধ জানান। প্রথাগত আনুষ্ঠানিকতা কমিয়ে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক জোরদার এবং শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন। গবেষণার উন্নয়নে সরকারি বরাদ্দের পাশাপাশি তিনি অ্যালামনাইদেরও এগিয়ে আসার আহ্বান জানান। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রসায়ন শিক্ষা ও গবেষণাকে সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে  কাজ করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক তথ্য-উপাত্ত অনলাইনে আপডেট করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিভাগের ছয়জন খ্যাতিমান অ্যালামনাইকে সম্মাননা প্রদান করা হয়।  তারা হলেন— মো. মনিরুল হক  চৌধুরী এমপি, অবসরপ্রাপ্ত  অধ্যাপক ড. এ এম শফিকুল আলম, অবসরপ্রাপ্ত  অধ্যাপক ড. ফরিদা আখতার, অবসরপ্রাপ্ত  অধ্যাপক ড. আলতাফ হোসাইন, অবসরপ্রাপ্ত  অধ্যাপক ড. নিশাত আহমেদ পাশা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহতাবুদ্দিন আহমেদ।