বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৬:৪২

ঢাবি’তে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক সম্মেলন 

‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন আজ শনিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র ও নৈতিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন আজ শনিবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি ছিলেন। নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস স্বাগত বক্তব্য দেন। সহযোগী অধ্যাপক আহম্মদ উল্লাহ্ অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. ওবায়দুল ইসলাম শিশুদের মধ্যে পরমতসহিষ্ণুতা, উদারতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে দর্শন চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নৈতিকতা ও দর্শন চর্চার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে। শিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই দেশে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে। ভদ্রতাকে দুর্বলতা ভাবার প্রচলিত সংস্কৃতি পরিবর্তন করে অন্যকে শ্রদ্ধা ও গুরুত্ব দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ এবং দর্শনের নৈতিক শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বিশিষ্ট শিক্ষক ও গবেষকগণ সম্মেলনের তিনটি অধিবেশনে শিশুদের দর্শন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। স্বনামধন্য দার্শনিক, প্রাবন্ধিক ও মনোবিজ্ঞানীগণ প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন।