বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১৫:১২

রাজশাহীতে মসজিদের নতুন ভবন নির্মাণকাজ উদ্বোধন ভূমিমন্ত্রীর  

আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে মীরেরচক জামে মসজিদ কমিটি উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: বাসস

রাজশাহী, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজশাহী মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরাতন মীরেরচক জামে মসজিদ পুরাতন ভবনের স্থানে ছয়তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। 

আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে মীরেরচক জামে মসজিদ কমিটি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।  

অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণকাজ শুরু করা হয়। 

নতুন ভবন নির্মিত হলে মুসল্লিদের জন্য নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সুযোগ-সুবিধা বাড়বে।

অনুষ্ঠানে মীরেরচক জামে মসজিদ কমিটির সভাপতি মো. রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মো. মকলেসুর রহমান বকুলসহ কমিটির অন্যান্য সদস্য, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।