শিরোনাম

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটি পার্বত্য জেলা সদরের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন।
তার মাতা প্রয়াত মহিনী দেওয়ান ছিলেন একজন আদর্শ গৃহিণী। তার পিতা প্রয়াত সুবিমল দেওয়ান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এবং রাঙামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি।
দীপেন দেওয়ান একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছাত্রজীবন থেকেই সংগঠক হিসেবে তার দক্ষতা প্রকাশ পায়, যা পরবর্তী সময়ে তার রাজনৈতিক সাফল্যের ভিত্তি তৈরি করে।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জ্যেষ্ঠ নেতা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি পার্বত্য জেলা আসন থেকে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার রাজনৈতিক জীবনের সূচনা হয় রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সংগঠক হিসেবে। পরবর্তীতে তিনি জেলা বিএনপির আহ্বায়ক এবং দীর্ঘ সময় সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নে কাজ করে আসছেন।
২০০৫ সালে দলের সংকটময় সময়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে, তৎকালীন সিনিয়র যুগ্ম জেলা জজ পদে দায়িত্বে থাকাকালীন স্বেচ্ছায় সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে বিএনপির রাজনীতিতে পুরোপুরি যোগ দেন। ২০০৭ সালের রাজনৈতিক সংকটের সময় দলের শীর্ষ নেতৃত্ব কারাবন্দি ও দিশেহারা অবস্থায় থাকাকালে তিনি রাঙামাটিতে বিএনপির হাল ধরেন। তার নেতৃত্বাধীন সময়ে ২০১২ সালে রাঙামাটি পৌরসভায় ৩০ বছরের রেকর্ড ভেঙে বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হন।
শিক্ষাজীবনে তিনি রাঙামাটি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৮ম ব্যাচ থেকে সফলতার সঙ্গে স্নাতক (এলএলবি) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি ৭ম বিসিএস (জুডিশিয়াল) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগ দেন এবং দীর্ঘ ১৯ বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
দীপেন দেওয়ান বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (রাঙামাটি ইউনিট) এবং এফপিএবি (রাঙামাটি শাখা) এই সংগঠনগুলোর আজীবন সদস্য। এছাড়া তিনি রাঙামাটি আইন কলেজের একজন প্রতিষ্ঠাতা সদস্য।
পারিবারিক জীবনে তিনি মৈত্রী চাকমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। এ দম্পতির অদিতি দেওয়ান ও রাজেশ্বরী দেওয়ান নামে দুই কন্যাসন্তান রয়েছে।