বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৩:০৮

হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন 

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস): চলতি বছরের প্রথম হজ ফ্লাইট উড়াল দিবে আজ (শুক্রবার) রাতে। এ উপলক্ষে গতকাল থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। 

এ বছরের হজযাত্রাকে সামনে রেখে হজক্যাম্প আকস্মিক পরিদর্শনে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

গতকাল (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে যান মন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। 

মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। 

তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়েও খোঁজ নেন।

এ সময় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী। 

তাদের উদ্দেশে শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, ‘হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান- তা নিশ্চিত করতে হবে।’

মন্ত্রী আরও জানান, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। 

তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।