বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ২১:২৪
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ২১:৩০

আগামীকাল বিশ্ব হিমোফিলিয়া দিবস

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) :  বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হবে।

প্রতি বছর ১৭ এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ‘রোগ নির্ণয়: সুচিকিৎসার প্রথম ধাপ’।

দিবসটিকে সমানে রেখে এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউ’র হেমাটোলজি বিভাগের সহযোগিতায় হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।  

র‌্যালিটি বিএমইউ’র বটতলা থেকে শুরু হয়ে ডি ব্লকের সামনে এসে শেষ হয়। এ আয়োজনে রোগ নির্ণয়, বিনামূল্যে রক্তের ফ্যাক্টর নিশ্চিত করা ও সমন্বিত চিকিৎসাসেবায় গুরুত্বারোপ করা হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমএউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, হিমোফিলিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তক্ষরণজনিত রোগ হলেও সময়মতো সঠিকভাবে রোগ নির্ণয় এবং সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয়।

তিনি হিমোফিলিয়া রোগীদের সঠিক চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

র‌্যালিতে বিএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, বিএমইউ’র হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুজ্জামান খান, হেমাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মোছাব্বির। এছাড়াও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।