বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ২০:০৩

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন ও জবাবদিহিতা থাকা জরুরি: ইআবি উপাচার্য

বৃহস্পতিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ‘মাদরাসা প্রধানদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৬’ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে শুধু পাঠদান নয়; বরং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ‘প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমেই মাদরাসা শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন সম্ভব হবে।’

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী ‘মাদরাসা প্রধানদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৬’ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী অধ্যক্ষদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, প্রশিক্ষণ শেষে নিজ নিজ মাদরাসায় ফিরে শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও লাইব্রেরির সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের নিয়ে নিয়মিত বিষয়ভিত্তিক সেমিনার আয়োজন করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও শুদ্ধ আচার-ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. আবু জাফর খান বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতে মাদরাসা প্রধানদের আহ্বান জানান। এছাড়া আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, মাদরাসার আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ ও অপচয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যাতে অধিভুক্ত মাদরাসাগুলোকে ভবিষ্যতে আরও সহজ ও দ্রুত সেবা নিশ্চিত করা যায়। মাদরাসা শিক্ষার উন্নয়নে বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী। পরে উপাচার্য অংশগ্রহণকারী অধ্যক্ষদের মধ্যে সনদ বিতরণ করেন।

অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

দু’দিনব্যাপী এ প্রশিক্ষণে একাডেমিক মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং আর্থিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়।