শিরোনাম

খাগড়াছড়ি, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতে আজ মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন আয়োজিত বৃহস্পতিবার বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে এ মানবিক সেবা কার্যক্রম।
সিন্দুকছড়ি জোন আয়োজিত ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও বিশেষ মেডিকেল টিম এবং সিন্দুকছড়ি জোন সদর দপ্তরের মেডিকেল অফিসারের নেতৃত্বে একদল চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
দিনব্যাপী চিকিৎসা শিবিরে প্রায় ১৫শ’ পাহাড়ি ও বাঙালি রোগী সেবা পেয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি সকল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চক্ষু রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়।
বিশেষ এ উদ্যোগের উল্লেখযোগ্য দিক ছিল, লায়ন্স চক্ষু হাসপাতালের সৌজন্যে এবং সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় ১শ’ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
সিন্দুকছড়ি জোনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পাহাড়ের দুর্গম অঞ্চলের অসহায়, দরিদ্র ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।