শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : এসএসসি পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র মূল্যায়নে নিয়োগকৃত প্রধান পরীক্ষক/পরীক্ষকদের নির্ধারিত সময়ে উত্তরপত্র সংগ্রহ করার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বোর্ড কর্তৃপক্ষ বলছে, উত্তরপত্র সংগ্রহের সময় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার আজ বাসসকে এ তথ্য জানান।
এর আগে গত ১৫ এপ্রিল জারিকৃত ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যে ‘ই-টিআইএফ’ ডাটা থেকে প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃতদের উত্তরপত্র সংগ্রহের জন্য তারিখ ও সময় উল্লেখ করে মোবাইল ফোনে এসএমএসও করা হয়।
আদেশে বোর্ড কর্তৃপক্ষ বলছে, কিন্তু দেখা যায়Ñ অনেক প্রধান পরীক্ষক বা পরীক্ষক নির্ধারিত তারিখে উত্তরপত্র গ্রহণ করছেন না, যার ফলে পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে জটিলতার সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক নিয়োগকৃত প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের নির্ধারিত তারিখ ও সময়ে সশরীরে বোর্ডে উপস্থিত হয়ে উত্তরপত্র সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
আদেশে বলা হয়, উপর্যুক্ত কারণ ব্যতিরেকে কোনো প্রধান পরীক্ষক বা পরীক্ষক অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে বোর্ডের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আদেশে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে বলা হয়েছে।