শিরোনাম

টোকিও (জাপান), ১৫ এপ্রিল, (বাসস) : টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে আজ ‘বাংলাদেশের শিক্ষার্থী বৃদ্ধি: সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলাদেশি স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (BSSAJ)’-এর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে জাপান ও বাংলাদেশের বিভিন্ন ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, বাংলাদেশ ও জাপানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন মাত্রা হলো ক্রমবর্ধমান শিক্ষার্থী বিনিময় কর্মসূচি। গত চার বছরে আমাদের শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত হওয়া কেবল পরিসংখ্যান নয়, এটি আমাদের দুই দেশের পারস্পরিক আস্থার অনন্য প্রতিফলন। জাপানের দক্ষ শ্রম বাজারের চাহিদা পূরণে বাংলাদেশি তরুণ শিক্ষার্থীরা তাদের মেধা, কর্মনিষ্ঠা এবং অভিযোজন ক্ষমতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
রাষ্ট্রদূত আরও বলেন, দূতাবাস ও বাংলাদেশ ব্যাংকের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধের প্রক্রিয়াকে সহজতর করা হয়েছে। এছাড়া, জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সরকার সহজ শর্তে স্টুডেন্ট লোন প্রদান করছে। ‘স্পেসিফাই স্কিলড ওয়ার্কার’ কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণ কেবল একটি শ্রমবাজার নয়, বরং এটি দুই দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য একটি টেকসই ‘উইন-উইন’ অংশীদারিত্ব। তিনি জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে এই সেতুবন্ধন আরো সুসংহত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে বিএসএসএজে (BSSAJ)-এর সভাপতি নাগামাতসু ফারুক, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাপানি ভাষা দক্ষতা পরীক্ষা কমিটির প্রতিনিধি নিশিও রিয়োসহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্কুলের অধ্যক্ষগণ অংশগ্রহণ করেন।
উন্মুক্ত আলোচনা ও নেটওয়ার্কিং সেশনে বাংলাদেশ ও জাপানের প্রতিনিধিদের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।