শিরোনাম

পিরোজপুর, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস) : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) এর পঞ্চম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত হয়েছে।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পিবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সব অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে পঞ্চম বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে একটি আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আজকের দিনটি আমাদের সবার জন্য খুবই গর্বের। এই দিনে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো : বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এজন্য তিনি সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মুনিরুজ্জামান, নাসিম আলী, অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসান, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান ও অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোস্ট নাজমা আক্তার।