বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৫:০৫

যশোর বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন 

ছবি: বাসস

খুলনা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ বছর যশোর শিক্ষা বোর্ডের (জেইবি) অধীনে খুলনা বিভাগের ১০টি জেলার ২ হাজার ৫৭২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছেলে এবং ৬৮ হাজার ১৬১ জন মেয়ে। মোট ২৯৯টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বোর্ড কর্তৃপক্ষ ইতোমধ্যেই প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

বোর্ড সূত্র জানিয়েছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯ হাজার ২৬৬ জন নিয়মিত, ২৫ হাজার ৬৭৮ জন অনিয়মিত এবং ১৪৫ জন গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে। এরমধ্যে গ্রুপভিত্তিক বণ্টনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ৩৯ হাজার ৪২৬ জন, মানবিক বিভাগ থেকে ৮২ হাজার ৪১১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩ হাজার ২৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বলেছেন, এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অসদুপায় প্রতিরোধ করতে এ বছর সব কেন্দ্রের প্রতিটি পরীক্ষা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। বোর্ডের ভিজিল্যান্স টিমের পাশাপাশি সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় প্রশাসনও শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষা তদারকি করবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কার্যালয়ে ইতোমধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।

অধ্যাপক ড. মতিন বলেন, পরীক্ষার আগে কেন্দ্র সচিবদের সঙ্গে এক বৈঠকে শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে বোর্ড প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরাসহ কঠোর নজরদারির মাধ্যমে সুষ্ঠু ও নকলমুক্তভাবে এসএসসি পরীক্ষা পরিচালনা করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, বোর্ডের অধীনে থাকা তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। কেন্দ্রগুলো হলো নড়াইলের বোর্ডিয়া,বাঁশগ্রাম এবং কুষ্টিয়ার হালশা।