বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৭:১০

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন

ছবি : বাসস

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত কাজের মনোভাব গড়ে তোলে। 

তিনি বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার চেতনা জাগ্রত করে, যা তাদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ২২টি পুরুষ দল এবং ১৫টি নারী দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ মুখোমুখি হয়েছে। খেলাটি উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলাটি উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয়।