বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৬:৪৮

ঢাবিতে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের পাঠদান শুরু

ছবি : বাসস

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ সেশনের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের পাঠদান আজ রোববার থেকে শুরু হয়েছে।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

এছাড়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক এবং ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজাসহ অন্যান্য অনুষদের ডিনরাও নিজ নিজ অনুষদভুক্ত বিভাগের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শ্রেণিকক্ষ পরিদর্শনকালে তারা শিক্ষক ও নবাগত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। কঠোর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান তারা।

নবাগত শিক্ষার্থীদের দিক-নির্দেশনা দিয়ে তারা বলেন, জ্ঞান, প্রজ্ঞা ও মেধার বিকাশে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পড়াশোনা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া, সহশিক্ষামূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন ভাষাগত ও সাংগঠনিক দক্ষতা অর্জনের ওপরও জোর দেন তারা।

এসব দক্ষতা অর্জনের লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ক্লাবসমূহের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে দক্ষ তরুণ প্রজন্মের হাত ধরে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।