শিরোনাম

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)- এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় ‘আইসিসিআর দিবস’ পালন করেছে ভারতীয় হাইকমিশন।
এই আয়োজনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (শুক্রবার) গুলশানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে (আইজিসিসি) এই উৎযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইসিসিআর-এর সাবেক শিক্ষার্থী, বাংলাদেশি শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আর্ট ক্যাম্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইজিসিসি’র শিক্ষার্থী ও আইসিসিআর স্কলাররা সংগীত, নৃত্য এবং ইয়োগা (যোগব্যায়াম) পরিবেশন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা গোপ রবীন্দ্রসংগীত ও শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন। তিনিও একজন আইসিসিআর স্কলার।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর সাংস্কৃতিক নৈকট্যের কথা তুলে ধরেন। তিনি এই সম্পর্ককে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বর্ণনা করেন।
সাংস্কৃতিক বিনিময় ও সংলাপ জোরদার করার ক্ষেত্রে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)- এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রণয় ভার্মা। তিনি সংস্থাটিকে ভারতীয় কূটনীতির ‘সাংস্কৃতিক হৃদস্পন্দন’ হিসেবে বর্ণনা করেন; যা সীমানা ছাড়িয়ে মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে।
এ উপলক্ষে হাইকমিশনার ‘সম্প্রীতি’ নামে দুই দিনব্যাপী এক আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। এতে ফরিদা জামান, জামাল আহমেদ, মো. ইউনুস, নিসার হোসেন এবং রঞ্জিত দাসসহ বাংলাদেশের ৩০ জনেরও বেশি বিশিষ্ট শিল্পী ও আইসিসিআর স্কলার অংশ নিচ্ছেন।
এই ক্যাম্পে তৈরি করা শিল্পকর্মগুলো নিয়ে আগামী ৩০ এপ্রিল থেকে আইজিসিসিতে দুই সপ্তাহব্যাপী এক প্রদর্শনী শুরু হবে। সেখানে এসব কাজ সবার জন্য প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য শিল্পী ও আইসিসিআর স্কলার তরুণ ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তিনি গত ৯ এপ্রিল মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, মৃত্যুর আগে তিনি এই ‘সম্প্রীতি’ আর্ট ক্যাম্পে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন।