শিরোনাম

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ শনিবার (১১ এপ্রিল ) দুপুরে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউথ এন্টারপ্রেনারশিপ এন্ড স্টার্টআপস ফর স্টুডেন্ট (ইয়েস প্রোগ্রাম) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা জরুরি।
তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন এবং বলেন, ‘বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জ্ঞান, উদ্ভাবন ও উদ্যোক্তা মানসিকতার বিকল্প নেই।’
তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর অগ্রগতির মূল চালিকাশক্তি হলো, জ্ঞানভিত্তিক সমাজ ও দক্ষ মানবসম্পদ।
সেই লক্ষ্যেই তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে আঞ্চলিক উন্নয়নের ‘নলেজ হাব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
শিল্প ও বাণিজ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করে বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্র সাবমেরিন নির্মাণ ও রিমোট কন্ট্রোল গাড়ি তৈরির মতো সৃজনশীল প্রকল্প হাতে নিয়েছে, যা দেশের প্রযুক্তি উন্নয়নের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।
তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে উল্লেখ করে বলেন, নতুন বিভাগ স্থাপন, পরিবহন সুবিধা বৃদ্ধি ও আবাসন ব্যবস্থা সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্প একীভূত করে প্রস্তাব আকারে উপস্থাপন করলে, সরকার তা বাস্তবায়নে সহযোগিতা করবে।
শিল্প খাতে গবেষণালব্ধ জ্ঞান প্রয়োগের ওপর জোর দিয়ে খন্দকার মুক্তাদির বলেন, ‘আমাদের সার, চিনি ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে এবং লোকসান কমিয়ে লাভজনক করতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
এ সময় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ এবং আইডিইএ প্রকল্প, আইসিটি ডিভিশনের প্রকল্প পরিচালক মুর্তুজা জুলকার নাঈন নোমান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং ওয়াইইএসএস প্রোগ্রামের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, উদ্যোক্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।