শিরোনাম

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পাসে ‘ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস-২০২৬’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করে ঢাবির এস্টেট অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন, বাংলাদেশ।

আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এই চেতনা থেকেই আমাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জীবনে পরিচ্ছন্নতার চর্চা করতে হবে। নিজের শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখতে আমরা যতটা সচেতন, চারপাশের পরিবেশের ব্যাপারেও আমাদের ঠিক ততটাই যত্নশীল হওয়া প্রয়োজন।’
উন্নত দেশগুলোর উদাহরণ টেনে তিনি আরও বলেন, সেখানে মানুষ যত্রতত্র ময়লা ফেলে না; বরং নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অপেক্ষা করে। নিয়ম মেনে চলার এই সংস্কৃতি ও মানসিকতা আমাদের সমাজেও গড়ে তুলতে হবে।
অপরিচ্ছন্ন পরিবেশকে রোগব্যাধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, ধুলাবালি ও দূষণের কারণে নানা শারীরিক সমস্যা সৃষ্টি হয়। তাই সুস্থ জীবনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য।
ঢাবি ক্যাম্পাসের পরিবেশের কথা তুলে ধরে তিনি বলেন, এখানে তুলনামূলক বেশি গাছপালা থাকায় বেশ স্বস্তিদায়ক একটি পরিবেশ বিরাজ করে। এই পরিবেশ রক্ষা ও এর আরও উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এই কর্মসূচি কেবল এক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী চলমান রাখার আশা প্রকাশ করেন উপাচার্য। একইসঙ্গে ক্যাম্পাসে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং অস্বাস্থ্যকর আচরণ পরিহারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা পর্ব শেষে উপাচার্য ও আমন্ত্রিত অতিথিরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।