শিরোনাম

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি চিকিৎসক প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢাবি চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ সামি আল হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলটি উপাচার্যের সঙ্গে এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা বুধবার (৮ এপ্রিল) ঢামেক হাসপাতালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নিয়ে আলোচনা করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে তারা ঐকমত্য প্রকাশ করেন।
সাক্ষাতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ একই পরিবারের সদস্য। দেশের ঐতিহ্যবাহী এই দু’টি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। দেশ ও জাতির কল্যাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন উপাচার্য। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
উপাচার্য আরও বলেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে ধৈর্য, সহনশীলতা, সংযম ও বিনয় প্রদর্শনের মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। সামাজিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে জাতির বৃহত্তর স্বার্থে উভয় পক্ষকেই দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।