বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ২১:১২

৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের এমসিকিউ পরীক্ষা ১৮ এপ্রিল 

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লক্ষ্যে ৮ম এনটিআরসিএ এমসিকিউ (প্রিলিমিনারি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আগামী ১৮ এপ্রিল শনিবার চার গ্রুপে এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এনটিআরসিএ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ-এর ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে এ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ এপ্রিল শনিবার নির্ধারিত পদগুলোর পরীক্ষা চার গ্রুপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘ক’-গ্রুপে (সকাল ৯টা থেকে ১০টা) স্নাতক (পাস) কলেজ, চারুকলা ডিগ্রি কলেজ, ব্যবসায় ব্যবস্থাপনার অধ্যক্ষ এবং কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাখিল মাদ্রাসার সুপার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

‘খ’-গ্রুপে (সকাল ১১টা ৩০ থেকে ১২টা ৩০) উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, চারুকলা প্রি-ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ এবং ভোকেশনালের সহকারী সুপার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

‘গ’-গ্রুপে (দুপুর ২টা থেকে ৩টা) আলিম ও কামিল এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ভোকেশনালের সুপার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এছাড়া ’ঘ’ গ্রুপে (বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০) স্নাতক (পাস) কলেজ, চারুকলা, ডিগ্রি কলেজ ও ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ, কৃষি অধ্যক্ষ এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাখিল মাদ্রাসার সহকারী সুপার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এনটিআরসিএ- এর সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) ফিরোজ আহমেদ বাসসকে জানান, এসব পদে চার গ্রুপের এ পরীক্ষা ঢাকায় বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর অফিশিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটকের নির্ধারিত পোর্টাল (http://ngi.teletalk.com.bd)  থেকে জানা যাবে।