শিরোনাম

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে দুই দিনব্যাপী উদযাপন কর্মসূচিকে সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, লালবাগ জোনের ডিসি তালেব আলী, ট্রাফিক বিভাগের লালবাগ জোনের ডিসি মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, এডিসি আবু সাঈদ, এডিসি অপু মোহান্ত, এসি মাহতাব হোসেন, কোতয়ালী থানার ওসি শাহ মো. ফয়সাল আহম্মেদ, সূত্রাপুর থানার ওসি মতিয়ার রহমান, লালবাগ থানার ওসি জাহিদুল ইসলাম ও সহকারী প্রক্টরবৃন্দসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদ্যাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করে বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন তার পুলিশিং ব্যবস্থার দক্ষতা ও কার্যকারিতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
এ সময় তিনি আরও উল্লেখ করেন, অতীতে কিছু ক্ষেত্রে দায়িত্ব পালনে সীমাবদ্ধতা থাকলেও, একটি সুশৃঙ্খল ও উন্নত জাতি গঠনে পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য।
ড. মো. রইছ উদ্দীন আরও বলেন, বিগত জাতীয় নির্বাচনে জনগণের বহুল প্রত্যাশিত দল দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করেছে।
তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন মহল সরকারের কার্যক্রমকে চ্যালেঞ্জের মুখে ফেলতে সচেষ্ট রয়েছে।
এ পরিস্থিতিতে সকলকে সচেতন ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও সরকার তার অর্থনৈতিক দক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে দেশ পরিচালনায় সক্ষমতা প্রদর্শন করছে।
এ সময় লালবাগ বিভাগের ডিসি তালেব আলী পহেলা বৈশাখের অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, পুলিশ বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।
নির্ধারিত নিরাপত্তা পরিকল্পনার আলোকে সমন্বয়ের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাফিক বিভাগের লালবাগ জোনের ডিসি মফিজুল ইসলাম বলেন, অতীতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা অপসারণে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলতা এসেছে।
তিনি নববর্ষ উদ্যাপনকে সামনে রেখে পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বেচ্ছাসেবী ব্যবস্থাপনা জোরদার করার পরামর্শ দেন।
এ ছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের এলাকার কোতোয়ালী, সূত্রাপুর ও লালবাগ থানার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।