বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৭:১৬

চক্ষু সেবার উন্নয়নে ‘অপটোমেট্রি কাউন্সিল’ গঠনের দাবি

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গ্রাজুয়েট অপটোমেট্রিস্ট প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : চক্ষু সেবার মান উন্নয়নে ‘অপটোমেট্রি কাউন্সিল’ গঠনের দাবি জানিয়েছে ইন্সটিটিউট অব কমিউনিটি অপথালমোলজি (আইসিও) এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) গ্রাজুয়েট অপটোমেট্রিস্ট প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রতিনিধি দলের সদস্যরা এই দাবি জানান।
 
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য উন্নত চক্ষু সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সব স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করতে হবে।
  
বৈঠকে একটি যুগোপযোগী ‘অপটোমেট্রি কাউন্সিল’ গঠন এবং স্বাস্থ্য খাতে এই পেশাজীবীদের সরকারি স্বীকৃতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- ড. গাজী রিয়াজ রহমান, শাহাদাত হোসেন দেলোয়ার, এস এম আব্দুল্লাহ আল মামুন, আরমান বিন আজিজ এবং এস এম মঈনুল ইসলাম। 

তারা মূলত ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি (আইসিও) এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)-এর গ্রাজুয়েট অপটোমেট্রিস্টদের প্রতিনিধি হিসেবে আলোচনায় অংশ নেন।
 
বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি শক্তিশালী নীতিমালা প্রণয়নে বিষয়ে আলোকপাত করা হয়।

আলোচনা শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সাধারণ মানুষের জন্য উন্নত চক্ষু সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সব স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করতে হবে। 

তিনি প্রতিনিধি দলের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।