বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ২৩:৩২
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০০:৩১

সেবাযত্ন দিয়ে গড়লে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষও সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে পারে : সমাজকল্যাণ সচিব

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে ১৩তম জাতীয় ও ২১তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। ছবি: পিআইডি

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, সেবাযত্ন দিয়ে গড়ে তুলতে পারলে ডাউন সিনড্রোম শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষও সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত হতে পারে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে ১৩তম জাতীয় ও ২১তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ রাজধানীর ইস্কাটনে সমাজকল্যাণ ভবন অডিটরিয়ামে ‘একসাথে পথ চলি-নিঃসঙ্গতা দূর করি’ প্রতিপাদ্যে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু নিউরোসায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন খান ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর ক্রোমোজোমের ব্যবস্থাপনা ও করণীয় সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। বিপুল জনগোষ্ঠীর এ দেশে অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্য দিয়েও সরকার ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশু, কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের সব রকম সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের দেশে ১২ ধরনের প্রতিবন্ধী আছে। ডাউন সিনড্রোম প্রতিবন্ধিতা তার মধ্যে একটি। আমাদের দেশে ৪ ধরনের স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৪ লাখ ৫২ হাজার। এর মধ্যে ৮ হাজার ৩০ জন ডাউন সিনড্রোম ব্যক্তি শনাক্ত করা সম্ভব হয়েছে।

সমাজকল্যাণ সচিব আরো বলেন, সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় ডাউন সিনড্রোম শিশুরা বেশি পারদর্শী হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এনডিডি সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুছাম্মৎ শাহীনা আক্তার।