শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুলাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎ করেছেন।
আজ সাক্ষাৎকালে তারা সমুদ্র বন্দর উন্নয়ন, বিনিয়োগ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, সমুদ্রবন্দর উন্নয়ন, শিপিং খাতের আধুনিকায়ন এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে মাতারবাড়ি প্রজেক্টের মতো বৃহৎ প্রকল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশ সরকার বন্দর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে।
রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বন্দর অবকাঠামো ও লজিস্টিক খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।