বাসস
  ০৮ এপ্রিল ২০২৬, ১৭:৩৯
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৮:৪৩

জবিতে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। ছবি: বাসস

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। ২০২৩-২০২৪ সেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ থেকে মোট চারজন শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের গবেষণা দপ্তরের আয়োজনে শহিদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও চেক তুলে দেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর, বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাছিনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ধরনের অ্যাওয়ার্ড প্রদান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 

তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেছে এবং তারা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণায় আরও উৎসাহিত হবেন।

উপাচার্য আরও বলেন, গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে শিক্ষা ও গবেষণা খাতে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নয়নের জন্য একটি ‘র‌্যাংকিং ডেভেলপমেন্ট কমিটি’ গঠনের কথাও উল্লেখ করেন তিনি। 

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে ‘টিম জগন্নাথ’ হিসেবে একযোগে কাজ করার আহ্বান জানান উপাচার্য।

গবেষণা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ইমরানুল হক জানান, সম্পূর্ণ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ প্রক্রিয়ার মাধ্যমে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা নিয়মিতভাবে বজায় রাখা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।