শিরোনাম

রাজশাহী, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (অনার্স) শিক্ষার্থীদের ক্লাস আগামী ১০ মে শুরু হবে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ১০ মে থেকে ক্লাস শুরু হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজ পূরণের কার্যক্রম গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়। এখন পর্যন্ত ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক দ্বিতীয় সাবজেক্ট চয়েজ লিস্ট প্রকাশিত হয়েছে। ক্লাস শুরুর আগেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হয়। গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছরে কোনো সিলেকশন ছিল না। দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হয়।
এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।