বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ২৩:৫৩

উখিয়া-টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার জেলার উখিয়া-টেকনাফ সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর জীম্বংখালী বিওপির টহল দল আজ সকালে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) উদ্ধার করে। 

এছাড়া, হোয়াইক্যং বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে। অপরদিকে, হ্নীলা বিওপির আরেকটি বিশেষ অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

এছাড়া, গত এক মাসে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ করা হয়েছে এবং ৬ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’