বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৪:২১

জবির গণিত বিভাগে আগামীকাল থেকে সংস্কার কাজ শুরুর নির্দেশনা

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন গণিত বিভাগের ক্লাসরুম, সেমিনার কক্ষ ও চেয়ারম্যানের দপ্তরসহ করিডোরের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন। ছবি: বাসস

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগে সম্প্রতি ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও বিভাগের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন গণিত বিভাগের ক্লাসরুম, সেমিনার কক্ষ ও চেয়ারম্যানের দপ্তরসহ করিডোরের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন। 

এসময় তিনি বিভাগের অবকাঠামোগত ঝুঁকি নিরূপণ করেন এবং দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে সংস্কার কাজের বিভিন্ন দিক নির্দেশনা দেন। তিনি গণিত বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নিরাপত্তা ঝুঁকি দূরীকরণে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

চলমান সংস্কার কার্যক্রমের সময় সংশ্লিষ্ট স্থানসমূহ সকলের জন্য সাময়িকভাবে ব্লকেজ করা হয়েছে। এ সময়ে বিভাগের শ্রেণিকক্ষ ও অন্যান্য কক্ষসংক্রান্ত সমস্যা সমাধানে উপাচার্য  তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা করে দেন।

এছাড়া, রেট্রোফিটিংসহ প্রয়োজনীয় সকল সংস্কার কাজ আগামীকাল থেকে শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা এবং সংস্কার কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা বিভাগের প্রতিটি স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

পরিদর্শনকালে জবি’র ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারিসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গণিত বিভাগে ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত হওয়ার দিনও ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেন জবি উপাচার্য।