শিরোনাম

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বিগত সরকার দেশের যুবসমাজকে যে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে, তা কাটিয়ে উঠে মাদকমুক্ত ও বুদ্ধিবৃত্তিক নতুন একটি যুবসমাজ গঠনই হবে সরকারের একটি বড় চ্যালেঞ্জ।
রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল (সোমবার) রাতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, রাঙ্গামাটি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব- বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, সাংক্রান, চাংলান, পাতা ও বিহু-কে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে পাজন রান্না প্রতিযোগিতা ও ‘মাদকমুক্ত সমাজ চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ‘আমাদের যুবসমাজ দেশের প্রাণশক্তি। অথচ বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে তাদেরকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার প্রধান, প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ়তার সঙ্গে সব রাষ্ট্রীয় চ্যালেঞ্জ মোকাবিলা করছেন এবং আমাদের দিকনির্দেশনা দিচ্ছেন। সেই নির্দেশনার আলোকে বিপথগামী যুবসমাজকে আলোর পথ দেখানো এবং একটি মাদকমুক্ত, বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই হবে আমাদের সরকারের একটি চ্যালেঞ্জ।’
মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে দীপেন দেওয়ান বলেন, নেশাগ্রস্ত মানুষের দ্বারা সমাজের কোনো উপকার হয়েছে- এমন নজির নেই। মাদকের একটিও সুফল নেই; বরং এটি সমাজের সুন্দর পরিবেশকে বিষাক্ত করে তোলে।
তিনি বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। তাই সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ সমাজ নিশ্চিত করতে আমাদের এখনই সচেতন হতে হবে।
উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসার সাথে যারা জড়িত, তাদের সামাজিকভাবে চিহ্নিত করুন এবং আইনের হাতে সোপর্দ করতে সহযোগিতা করুন। জীবন অত্যন্ত মূল্যবান, তাই জীবনকে ভালোবাসুন এবং মাদক থেকে দূরে থাকুন। মাদকের মরণব্যাধি থেকে মুক্তি পেতে নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। আসুন আমরা একযোগে মাদককে ‘না’ বলি এবং একটি মেধাভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণে আত্মনিয়োগ করি।’
পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পাজন রান্না প্রতিযোগিতা আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতির অংশ। এ ধরনের আয়োজন তরুণদের বিপথগামিতা থেকে দূরে রাখতে সহায়ক।
আলোচনা সভা শেষে মন্ত্রী পাজন রান্না প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সূর্যোদয় সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. অজয় প্রকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।