শিরোনাম

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, নকলমুক্ত ও গুণগত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (মাস্টার্স) এক বছর মেয়াদি পরীক্ষা-২০২৪ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক কেন্দ্রীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি একথা বলেন।
তিনি বলেন, কামিল (মাস্টার্স) শিক্ষার্থীদের জন্য এটি শিক্ষা জীবনের সর্বশেষ ধাপ। এ পর্যায়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে শিক্ষার্থীদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
সভায় বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষরা পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, কেন্দ্রসমূহের সমন্বয়, পরীক্ষার সময়সূচি নির্ধারণ এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন।
ভিসি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একজন দক্ষ ও আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; কেন্দ্র সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নকল প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষামন্ত্রীর গৃহীত পদক্ষেপ অনুসরণ করে সব পরীক্ষা কেন্দ্রে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলীসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ বক্তব্য দেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী। সভায় ঢাকা আলিয়া মাদ্রাসা, বগুড়া সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা ও তামিরুল মিল্লাত মাদ্রাসাসহ দেশের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।