বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১৯:৫৮
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২০:৪৮

বিএমইউ’র নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্ব গ্রহণ

ছবি : বাসস

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী আজ সোমবার সকালে তাঁর প্রথম কর্ম দিবস শুরু করেছেন। এরআগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। 

সকালে প্রথম কর্মদিবসের শুরুতে উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সদ্য সাবেক অস্থায়ী উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন ও উপ-পরিচালক (জনসংযোগ) সহযোগী অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।  

উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এসময় বলেন, এই বিশ্ববিদ্যালয়ের কাছে গণমানুষের প্রত্যাশা অনেক বেশি। সমস্যা সমূহ সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের সেই প্রত্যাশাকে পূরণ করতে হবে। 

তিনি নিজ নিজ দায়িত্ব উপলব্ধি করে সুষ্ঠু ও সুন্দরভাবে তা সম্পন্ন করতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করলেই বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে এগিয়ে যাবে।