শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস): ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উদযাপন উপলক্ষ্যে আগামী ৭ এপ্রিল দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ ও শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক হেলথ ফোরাম’।
আজ রোববার পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিভাগের সভাপতি অধ্যাপক সাখাওয়াত হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৬টায় ‘রান ফর হেলথ’-এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৮টায় ‘ক্লিন ফর হেলথ’ পরিচ্ছন্নতা অভিযান, সকাল ১০টায় শোভাযাত্রা এবং দুপুর সাড়ে ১২টায় বৃক্ষরোপণ কর্মসূচি।
এছাড়া, দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিতর্ক এবং বিকেল ৪টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়া, সাধারণ মানুষের জন্য বিকেল ৪টা পর্যন্ত একটি ‘ফ্রি হেলথ ক্যাম্প’ পরিচালিত হবে। বিনামূল্যে রক্তচাপ পরিমাপ, বিএমআই নির্ণয়সহ প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে নানা পরামর্শ দেওয়া হবে এ হেলথ ক্যাম্পে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক সাখাওয়াত হোসেন জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেব, তা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি। জনস্বাস্থ্য বিষয়ে কাজ করা আমাদের বিভাগের দায়িত্বের মধ্যেই পড়ে।’
তিনি কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। পুরো আয়োজনে স্পন্সর হিসেবে থাকছে ইউনিকো হাসপাতাল।
বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ‘টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স’। এটি বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে এবং বৈজ্ঞানিক প্রমাণ ও তথ্যভিত্তিক পদ্ধতির ওপর জোর দেয়।