বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৮:২৭

ঢাবি কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১০ বছর পূর্তি উদযাপন

ছবি : বাসস

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গত এক দশক ধরে এই বিভাগ অটিজমসহ বিভিন্ন স্নায়বিক ও শারীরিক প্রতিবন্ধকতা মোকাবিলায় অনন্য ভূমিকা পালন করে আসছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।

এ সময় উপাচার্য আরও বলেন, শ্রমবাজারে দক্ষ জনবলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভবিষ্যতে এই বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিশেষায়িত এই শিক্ষাব্যবস্থা বাংলাদেশের জনশক্তিকে বৈশ্বিক প্রতিযোগিতায় সম্মানজনক স্থানে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিভাগীয় চেয়ারপার্সন শারমীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। 

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান এবং বিভাগের সার্বিক কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ।

এছাড়া, মাস্টার্সের শিক্ষার্থী লামিয়া নাহার ইতুর সঞ্চালনায় অনুষ্ঠানে নবীনদের পক্ষে ইয়ামিন হালিম ও আফরিন সারোয়া এবং বিদায়ীদের পক্ষে ফাহমিদা মতিন মীম নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।