শিরোনাম

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে আজ রোববার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হিরোআকি শিগা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ও জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন ও জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় বিশেষ করে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণার অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণে আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে অধ্যাপক হিরোআকি শিগা দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।