বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ১৮:৫৩

বর্ষা মৌসুম ও সম্ভাব্য বন্যা মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে: পানিসম্পদ মন্ত্রী

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সামনে বর্ষা মৌসুম ও সম্ভাব্য বন্যা মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। প্রকৃতির এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য অধিদপ্তর।

মন্ত্রী বলেন, পাহাড়ি ঢল ও খরার কারণে দেশের মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে নদীতে প্রবল স্রোত ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়; আবার খরার সময় পানির অভাবে মানুষ সংকটে পড়ে। এই দুই পরিস্থিতির সঙ্গে লড়াই করেই উপকূলীয় অঞ্চলের মানুষকে টিকে থাকতে হচ্ছে।

তিনি আরও বলেন, সামনে বর্ষা মৌসুম ও সম্ভাব্য বন্যা মোকাবেলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। প্রকৃতির এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।

তিনি জানান, নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকাকালীন জেলেদের জন্য সরকারের বরাদ্দ আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে; যা তাদের প্রতি সরকারের সহানুভূতি ও সম্মানের প্রতিফলন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অতীতে ফ্যাসিবাদের সময়ে বিএনপিকে লাঞ্ছনা, বঞ্চনা ও অবহেলার শিকার হতে হয়েছে। ভবিষ্যতে যেন দলটি আর কখনো এমন পরিস্থিতির মুখোমুখি না হয়; সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং সরকার জনগণের কাছে দায়বদ্ধ। 

তিনি বলেন, বিএনপি যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।