শিরোনাম

ঢাকা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল আঞ্চলিক পরিস্থিতির মধ্যে কুয়েতকে প্রয়োজনবোধে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়েছেন। দেশটির প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছেন তিনি ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থানায়ুন আব্দুল ওয়াহাব হামাদাহের সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী কুয়েতে বসবাসরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত যুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে বাংলাদেশের সংহতি প্রকাশ এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ সহজতর করার প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সংঘাত সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষ জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ কুয়েতি বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কে সুযোগ অন্বেষণের আমন্ত্রণ জানায়।
কুয়েতি রাষ্ট্রদূত জাতিসংঘ ও ওআইসি-সহ বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশের সমর্থনের কথা স্বীকার করেন। আর প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সহায়তায় কুয়েতের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
তারা আরো উচ্চপর্যায়ের সফর এবং সহযোগিতা জোরদারে নিয়মিত দ্বিপক্ষীয় সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দেন।