বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৮:৪১

রাবিতে গ্রন্থের মোড়ক উন্মোচন

ছবি : বাসস

রাজশাহী, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) টেক্সট, ট্রান্সলেশন, কালচার ও সাউথ এশিয়ান কনটেক্সটস শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় শহীদুল্লাহ কলা ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই গ্রন্থের মোড়ক উন্মাচন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের অধিকর্তা প্রফেসর মো. শহীদুর রহমান এবং প্যারামাউন্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফে আরা রেহমান।

ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর মো. মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রফেসর মো. সাখাওয়াত হোসেন সদ্য প্রকাশিত এই গ্রন্থটির ওপর আলোচনা করেন। এছাড়া এর সম্পাদক ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মাসউদ আখতারও বক্তব্য রাখেন। গ্রন্থটিতে ইংরেজি ভাষা ও সাহিত্যসহ সংশ্লিষ্ট বিষয়ের ১৮টি প্রবন্ধ স্থান পেয়েছে।

ইংরেজি বিভাগের প্রফেসর আরিফুর রেহমান মেমোরিয়াল ট্রাস্ট এই গ্রন্থটি প্রকাশ করেছে। বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইদা আখতার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।